উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় একটি প্রকল্পের কুলাউড়ায় কর্মরত ৮৪ জন শিক্ষক-শিক্ষিকা গত আট মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। এমন কী ভাড়ায় পরিচালিত স্কুলগুলোর আট মাসের ঘর ভাড়াও বাকি রেখেছে কর্তৃপক্ষ। একদিকে স্কুলের বাড়িওয়ালার চাপ অন্যদিকে শিক্ষক শিক্ষিকাগণ বেতন ভাতাদি না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জানা যায়, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় একটি স্কুল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে গত জানুয়ারি থেকে গত আট মাস ধরে শিক্ষকের বেতন ভাতা দেয়া হয়নি।
সম্প্রতি ভুক্তভোগীরা কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনকারীদের পক্ষে রিমা বেগম বলেন,এ প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৪ সালে শেষ হবে। কর্তৃপক্ষ গত আট মাস ধরে আমাদের বেতন ও গৃহ মালিকদের স্কুলের ভাড়াসহ ৪১ লাখ ৬৬ হাজার টাকা আটকে রেখেছে। বারবার যোগাযোগ করা হলেও তারা বেতন ভাতা দিচ্ছেন না।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে কথা বলেছি। তারা বলেছেন, শিক্ষক-শিক্ষিকাদের বেতন ভাতার বিলটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেক থেকে বিল অনুমোদন হলে শিক্ষকদেরকে দেয়া হবে।
প্রকল্পের সহকারী পরিচালক বিদ্যুৎ বর্মন বলেন, বিল যথাযময়ে জমা দেয়া হয়েছে। কিন্তু অনুমোদনে দেরী হওয়ায় তাদের বেতন ভাতা ও ঘর ভাড়া পরিশোধ করা হয়নি।



