আনোয়ারায় ২০২০ সালের ২০ অক্টোবর উপজেলার কালাবিবি দীর্ঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খানসহ ১১২ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার মামলাটি দায়ের করেন উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন ৯ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে তৌহিদ মিয়া নামে এক স্থানীয় বিএনপি নেতা। গত মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ।
মামলায় সাবেক ভূমিমন্ত্রীর ছোটভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, উপজেলা লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমি মন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ১৫০ জনকে আসামি করা হয় এ মামলায়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শুরু করেছি।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় আরো একটি অপহরণ মামলা করেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া দুধকুমড়ার হাজী মো: সৈয়দ নুরের ছেলে এরশাদ নাবিল খান মোহাম্মদ এরশাদ (৩৯) নামে এক বিএনপি নেতা।



