হিন্দু ধর্মাবলম্বীদের ৯০ ভাগ জায়গা আওয়ামী লীগ বিভিন্ন সময় দখল করে রেখেছে উল্লেখ করে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেন, আগামীর বাংলাদেশ সব ধর্মের মধ্যে সম্প্রীতি রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। গতকাল দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত উপহারস্বরূপ প্রায় দুই হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ উপলক্ষে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার বিকেলে শহরের চেলোপাড়া হরিবাসর ও শনি মন্দির প্রাঙ্গণে পৃথক আয়োজনে পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রেজাউল করিম বাদশা তারেক রহমানের এ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, আমিনুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায় প্রমুখ।