নওগাঁর আত্রাইয়ে বিশেষ অভিযান চালিয়ে আসলাম ওরফে আপন (৩০) ও চম্পা খাতুন (৪০) নামের দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার আহসানগঞ্জ স্কুলের সামনে মাদক বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটক আসলাম হোসেন আত্রাই উপজেলার বজ্রপুর গ্রামের আলাবক্সের ছেলে এবং চম্পা খাতুন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ভারত থেকে আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ২০০ পিস এ্যাম্পুল (ইনজেকশন) উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয়। পরে আদালতে সোর্পদ করা হয়েছে।