জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় মিথ্যা ও মনগড়া প্রতিবেদন প্রকাশের জেরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৬টি সংগঠন।
শুক্রবার সংগঠনগুলোর নেতারা নিজ নিজ প্যাডে পৃথকভাবে এ প্রতিবাদ জানায়। এই ধরনের অপব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশের ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
বিবৃতিদানকারী সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জবি আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড অ্যাসোসিয়েশন, জবি রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি, জবি ফটোগ্রাফিক সোসাইটি, জবি মাইম সোসাইটি, জবি রঙ্গভূমি, ফ্লিম ক্লাব, চলচ্চিত্র সংসদ, জবি আইটি সোসাইটি, হিউম্যান রাইটস সোসাইটি, সংস্কার আন্দোলন, বাঁধন, জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
সাংবাদিক সমিতির প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দৈনিক সংবাদ পত্রিকার অনলাইনে এবং শুক্রবার প্রিন্ট সংস্করণের শেষ পাতায় মাহমুদ তানজীদের (জবি প্রতিবেদক) নাম উল্লেখ করে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় গোপনেই সব দখলে নিতে মরিয়া শিবির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নিয়ে শিবির সংশ্লিষ্ট মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। একই সাথে প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের ‘শিবির পন্থী’ সাংবাদিক হিসেবে মিথ্যা আখ্যা দেয়া হয়েছে এবং শিবিরপন্থী সাংবাদিকরা সমিতির তালা ভেঙে কার্যালয় দখল করেছে- এমন মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই।



