নীলফামারীর ডিমলা উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ২১.৭ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে এসব চাল জব্দ করা হয়। চাল মজুদকারক মজনুর রহমান বলেন, আমি পূজা উদযাপন কমিটির মাধ্যমে ৩৭ টন চাল ক্রয় করি। পর্যায়ক্রমে বিক্রি করার পর ২১.৭ টন চাল আমার গুদামে মজুদ রয়েছে। চটের বস্তার চালের প্রতি ক্রেতাদের আগ্রহ কম। সেজন্য প্লাস্টিকের বস্তায় ভরে চালের বাজারজাত করা হচ্ছিল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ঘটনার সত্যতা মিললে ইউএনওর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাল মজুদের বিষয়টি জানতে পেরে ফোর্স পাঠিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



