ফ্যাসিস্ট কাঠামো সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সমন্বয়করা। গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার এক লিখিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে। তবে এটি আমাদের কাক্সিক্ষত বা চূড়ান্ত অর্জন ছিল না। হাজার হাজার ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে কেবল ফ্যাসিস্টের উৎখাত নয়, বরং চেয়েছে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ; যা সরাসরি আপামর ছাত্র-জনতার ঐতিহাসিক ১ দফার অংশ। বিদ্যমান ফ্যাসিস্ট কাঠামোর সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে জরুরি জাতীয় ঐক্য।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই পারে দল-মতের ঊর্ধ্বে গিয়ে ফ্যাসিবাদী কাঠামোর সংস্কারের প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ করতে।