ঢাকার দোহার উপজেলার সর্বত্রই বেওয়ারিশ কুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একসাথে ৮-১০টি কুকুর দলবেঁধে চলাচল করায় শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদের ভয়ে রাস্তায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে পথচারীদের। এ বছর যথাসময়ে কুকুরের ভ্যাকসিন না দেয়ায় আতঙ্ক আরো বেড়েছে।
তবে দোহার পৌর এলাকায় সবচেয়ে বেশি কুকুরের আনাগোনা দেখা যাচ্ছে। বিশেষ করে শিশুদের দেখলেই তেড়ে আসে এসব বেওয়ারিশ কুকুর। এমন কোনো দিন নেই যে কুকুরের কামড়ে আক্রান্তের শিকার না হচ্ছেন এ উপজেলার বাসিন্দারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৪০ জন মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিগত বছরগুলোতে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বেওয়ারিম কুকুরকে ভ্যাকসিন প্রদান করে গায়ে রঙ দিয়ে চিহ্নিত করলেও এ বছর এখনো এ কর্মসূচির আওতায় আসেনি ভাসমান এসব কুকুর।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শহিদুল ইসলাম জানান, দেশে উদ্ভূত পরিস্থিতিতে কুকুরের ভ্যাকসিনের বরাদ্দ আসেনি। আমরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষক চিঠি দিয়ে বিয়ষটি অবগত করেছি।



