চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য আদিল মাহমুদ চৌধুরী হত্যাকাণ্ডের বিচার হয়নি ১০ বছরেও। উল্টো তার পরিবারকে হুমকি দিয়ে এলাকায় প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। ১০ বছরেও বিচার না পেয়ে হতাশ আদিলের পরিবার।
এ ঘটনায় ওই বছরের ১১ অক্টোবর আদিলের বাবা আবু তাহের চৌধুরী বাদি হয়ে ১৬ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াকফ্ সম্পত্তি নিয়ে ২০০৪ সাল থেকে আদিলের পরিবারের সাথে শফির বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ৯ অক্টোবর রাতে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে ফারুকের চায়ের দোকানে আদিলসহ আরো কয়েকজনে আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে মুখোশধারী প্রায় ২৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে এবং তার হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়।
আদিলের ছোট ভাই আদনান মাহমুদ চৌধুরী বলেন, সাহেরখালী এলাকার ত্রাস শফিউল আলম প্রকাশ কানা শফির নেতৃত্বে প্রায় ২৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমার বড় ভাইকে নৃশংসভাবে খুন করে। আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো বলেন, ভাইয়ার শোকে এক বছরের মধ্যে আমার মা ও বাবাকে হারিয়েছি। আমি দ্রুত বিচারকাজ শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম বলেন, এখনো খুনিদের বিচার না হওয়ায় হতাশ হয়েছি। আমি আদিলের খুনিদের যথোপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।