বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের যে স্বপ্ন-আকাক্সক্ষা ছিল সেই আকাক্সক্ষাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। আমরা ব্যক্তি বা দলের স্বার্থে নয়; দেশ ও দেশের মানুষের স্বার্থেই নতুন বাংলাদেশ গড়তে চাই। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও ফ্যাসিস্টরা বসে নেই, তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের এ ষড়যন্ত্র নতুন নয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর পর থেকে বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা। আওয়ামী লীগ জানতো যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে তাদের পরাজায় নিশ্চিত।
ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমির আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী।



