শেখ হাসিনার সরকার দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নির্মম অত্যাচার-নির্যাতন চালিয়েছে। বিশ্ববরেণ্য আলেমেদীন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নাটক সাজিয়ে সুস্থ অবস্থায় জেল থেকে বের করে এনে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। আজ তারা কোথায়? যারা দম্ভ করে বলতেন খেলা হবে তারা কোথায়? মহান আল্লাহর তাদের ছেড়ে দেননি। আজকে দেশ স্বাধীন হয়েছে নির্যাতিত জনগণের বিজয় হয়েছে, এ বিজয় শেষ বিজয় নয়। প্রকৃত বিজয় সেই দিন হবে, যেদিন এদেশে আল-কোরআনের রাজ কায়েম হবে। শহীদদের রক্ত বৃথা যায় না, বৃথা যেতে দেবো না। দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়তে হলে আগে দেশে সোনার মানুষ তৈরি করতে হবে।
গত সোমবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার শেখাহার উচ্চ বিদ্যালয় মাঠে এক তাফসীর মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সামীম সাঈদী এসব কথা। বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা গোলাম আযম, মাওলানা এইচ এম মেহেদী সিদ্দিকী। হিকমাহ্ ইয়ুথ সোসাইটির আয়োজনে কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর সভাপতিত্বে ও কাহালু উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস শাহীদ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিমের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বিশেষ অতিথি ছিলেন পশ্চিমের সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম সভাপতি সায়েদ কুতুব শাব্বির, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ শহীদুর রহমান সবুজ, জামায়াত নেতা নুর মোহাম্মাদ আবু তাহের, আলহাজ জহুরুল ইসলাম প্রমুখ। পরে সন্ধ্যায় মাহি সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।