শ্রীনগরে মসজিদ কমিটির মুতওয়াল্লির পদ থেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার পূর্ব নাগরভাগ এলাকার লোকজন এ কর্মসূচির আয়োজন করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পূর্ব নাগরভাগ জামে মসজিদের জমিদাতা রয়েছেন বেশ কয়েকজন। কিন্তু সেখানে জমিদাতা হিসাবে প্রায় ৩৫ বছর আগে মুতওয়াল্লির পদ নেন মৃত আবদুল মালেকের ছেলে আজিজুর রহমান বাদল। এ নিয়ে প্রায় ১০ বছর ধরে সমস্যা তৈরি হয়। আজিজুর রহমান বাদল কুকুটিয়া আওয়ামী লীগের উপদেষ্টা হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদটি আকড়ে ধরে আছেন।