লালমনিরহাটে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ছয়টি কলেজ থেকে কেউ পাস করেনি। সব কলেজ টানা দু’বারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের আসনের।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, পলাশী ইউনিয়নের নমুড়ী উচ্চবিদ্যালয় ও কলেজ, কালীগঞ্জ উপজেলার সোনারহাট উচ্চবিদ্যালয় ও কলেজ, শিয়াখোওয়া কলেজ, দুহুলী এস সি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কাকিনা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।
গত মঙ্গলবার প্রকাশিত ফলাফলে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া লালমনিরহাটের দুই উপজেলার ছয়টি প্রতিষ্ঠানই উচ্চমাধ্যমিকের সাথে সংযুক্ত কলেজ। যার মধ্যে গন্ধমরুয়া উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে চলতি বছর আটজন, নামুড়ী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে মাত্র একজন এবং শিয়ালখোওয়া কলেজ থেকে তিনজন, সোনারহাট উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন, দুহুলী এসসি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কাকিনা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের একমাত্র পরীক্ষার্থীও ফেল করেছে। নামুড়ী উচ্চবিদ্যালয় ও কলেজটি প্রতিষ্ঠার দীর্ঘ এক যুগেও কেউ পাস করতে পারেনি। কিন্তু এসব কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা নিয়মিত ক্লাস না করেও তুলতেন বিল।
অভিভাবক মোশারফ হোসেন বলেন, যেসব প্রতিষ্ঠানে কেউ পাস করেনি তাদের বেশির ভাগ প্রতিষ্ঠানের শিক্ষকরা নুরুজ্জামান মন্ত্রীর অনুগত ছিলেন। কলেজ না গেলেও মন্ত্রীর বাড়ি নিয়মিত যেতেন তারা। দুই উপজেলার দায়িত্বে থাকা আদিতমারী উপজেলার ইউএনও নুর-ই আলম সিদ্দিকী বলেন, অনুসন্ধান করে প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে। যাতে আগামী দিনে এমন হতাশাজনক ফলাফল দেখতে না হয়।