টাঙ্গাইলের নাগরপুরে ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নতুন উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে নাগরপুর উপজেলা মোড় চত্বরে অফিস উদ্বোধন কালে ভার্চুয়ালি যুক্ত থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
তিনি আরো বলেন, জনসাধারণের মন জয় করতে সৃজনশীল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। যারা স্থানীয় নির্বাচন করবেন, এখন থেকেই প্রস্তুতি নিন। গণ অধিকার পরিষদ দেশে নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যাদের আগ্রহ ও যোগ্যতা আছে তাদেরকেই নেতা হিসেবে তৈরি করা হবে।
কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম।