নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ আয়োজিত কাঁকড়া চাষিদের নিয়ে দিনব্যাপী মাঠ দিবস উদযাপন করা হয়েছে। গত শুক্রবার কক্সবাজার জেলার চৌফলদণ্ডীতে প্রায় ৬০ জন কাঁকড়া চাষির অংশগ্রহণে দিনব্যাপী এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, কাঁকড়া চাষের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন করা সম্ভব।
প্রকল্পের প্রধান গবেষক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিসারিজ প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী, কক্সবাজার জেলার জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান ও প্রকল্পের উপ-পরিচালক ড. মোহাম্মদ শরিফুল আজম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে স্থানীয় খামারে উৎপাদিত কাঁকড়ার আংশিক আহরণ অনুষ্ঠিত হয়।