চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গত শুক্রবার রাতে জীবননগর পৌর এলাকার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
এজহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগর সশস্ত্র অবস্থায় দলীয় কর্মীদের নিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামিদের হাতে থাকা লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক দিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে থাকা তুষার নামে এক যুবককে বেধড়ক মারধর করতে থাকেন এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। আনোয়ার হোসেন তাকে ঠেকাতে গেলে তার মোটরসাইকেল ভাঙচুর করেন তারা।
এ ব্যাপারে সাবেক এমপি আলী আজগার টগরের মোবাইল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে একটি মামলা হয়েছে।