চট্টগ্রামের লোহাগাড়া গৌড়স্থান উচ্চবিদ্যালয়ে বেতন ভাতা তুলতে পারছেন না ১৭ জন শিক্ষক-কর্মচারী। দুই মাসেরও অধিক সময় ধরে বেতন-ভাতা তুলতে না পেরে পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। অথচ বিষয়টি নিয়ে স্কুল কমিটি নির্বিকার। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিদ্যালয়েও।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ বিষয়ে বিদ্যালয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এর পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠিত হয়েছে। এসব কারণে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন আজম খান। কোনো বিলে স্বাক্ষরও করছেন না তিনি। ফলে শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনও তুলতে পারছেন না।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আজম খান বলেন, আমি বিদ্যালয়ে উপস্থিত হলে লোকজন আমার পদত্যাগ দাবি করে। এ জন্য আমি ওদিকে না গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপস্থিতির স্বাক্ষর দিয়ে আসি।
বিদ্যালয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকতা ইনমুল হাছান বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক আজম খানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর ওপরে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ইউএনও স্যার বিদ্যালয় কমিটির সভাপতি। তিনি কার্যকর ব্যবস্থা নিলে শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন। আর জেলা প্রশাসক বরাবরে পাঠানো তদন্ত প্রতিবেদনের ব্যাপারে আমি শুনেছি, তবে অনুলিপি এখনো হাতে আসেনি।



