হৃদরোগ, কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে এখন চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এই কলম সৈনিক। গত সোমবার রাতে তাকে দেখতে যান জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। এ সময় তিনি তার অসুস্থতা থেকে মুক্তির জন্য সম্মিলিতভাবে দোয়া করেন এবং কিছু নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
সাইফুল আলম বাবু সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রয়েছে পরিবারে। দীর্ঘদিন অসুস্থতার কারণে খেয়ে না খেয়ে জীবনযাপন করছে এই সাংবাদিক পরিবার। বর্তমানে তিনি রংপুরের কিডনি বিশেষজ্ঞ ডা: মোবাশে^র আলমের তত্বাবধানে চিকিৎসাধীন। অর্থের অভাবে চিকিৎসা খরচ জোগাতে পারছে না তার পরিবার। ইতোমধ্যে পঞ্চগড় প্রেস ক্লাবের সহকর্মীরা কিছুটা সহযোগিতা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসাসেবা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। অসহায় এই সাংবাদিক পরিবারের পক্ষ থেকে সমাজের ও রাষ্ট্রের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। তাকে সহায়তার জন্য এই ০১৭৫৪ ২৫৮৪৬৩ বিকাশ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।