জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব ক্ষেত্রে ইতিহাসকে বিকৃত করেছে। সাড়ে পনের বছর এক নেত্রীর নির্দেশে দেশ শাসিত হয়েছে। অধিকাংশ নাগরিককে তিনি দাসে পরিণত করেছিলেন। শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার।
৫ আগস্টের পর দেশে একটি সাময়িক পরিবর্তন হয়েছে। একে স্থায়ী রূপ দিতে হলে প্রয়োজন সৎ লোকের শাসন ও আল্লাহর আইন কায়েম। নতুন বাংলাদেশে পুরাতন কাউকেই ক্ষমতায় দেখতে চাই না। আমরা কাজের মাধ্যমে দেশবাসীর প্রকৃত ভালোবাসা অর্জন করতে চাই। বিগত ১৬ বছর কেমন ছিল বাংলাদেশ, এ দেশের জনগণ তার সাক্ষী।
গত শুক্রবার থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৫টায় পালংখালী জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম খন্দকার, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিম, মাওলানা মনসুর আলম, মাস্টার খাইরুল বশর, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান প্রমুখ।