বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড. জি কে এম মোস্তাফিজুর রহমানকে। গত রোববার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত এবং মো: শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ৮ম ভিসি হিসেবে পূর্বসূরি প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার স্থলাভিষিক্ত হলেন।
নতুন এ ভিসি ২০০৮ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন। এর আগে তিনি বিভাগীয় প্রধান এবং প্রভোস্টের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ১৯৯৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে উৎকৃষ্ট ফলাফলের সাথে মাস্টার্স (এমএসসি) করেন এ অধ্যাপক। পরে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের পেস্টিসাইড টক্সিকোলজি ল্যাবরেটরি থেকে ‘মৃত্তিকা দূষণ গবেষণা’ বিষয়ে পিএইচডি লাভ করেন। এর আগে তিনি প্রায় ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটের (বিনা) সিনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করেন।
প্রফেসর মোস্তাফিজুর রহমান চীনের বিজ্ঞান একাডেমি এবং সৌদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন ভিজিটিং প্রফেসর হিসেবে গবেষণা করেন। তার ১০০টিরও বেশি প্রকাশনা রয়েছে, যার অধিকাংশ এসসিআই থমসন রয়টার্স কর্তৃক প্রকাশিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এ গবেষক মালয়েশিয়ার পুত্রজায়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল পরীক্ষকের দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এ পর্যন্ত ২৮ জনের অধিক পিএইচডি ও ৪৮ জন এমএস গবেষণা শিক্ষার্থীকে সুপারভিশন করেছেন।