উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের বিরুদ্ধে ১০ জন ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন।
গত সোমবার দুপুরে ১০ ইউপি সদস্য স্বাক্ষরিত লিখিত অনাস্থা প্রস্তাবটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বরাবর দেয়া হয়। একই সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।
ওই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন, তালম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, গোলাম মোস্তফা, আব্দুল আজিজ, চায়না খাতুন, নাজির উদ্দিন, আরিফুল ইসলাম, মোখলেছুর রহমান, সালমা খাতুন, আব্দুল লতিফ ও রুহুল আমিন।
অভিযোগের বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে যে কেউ অভিযোগ দিতেই পারে। সঠিক তদন্ত করলে আমার কোনো দুর্নীতির প্রমাণ পাবে না। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, তালম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের আনিত অনাস্থার চিঠিটি পেয়েছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



