কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জের পদত্যাগকারী সাবেক মেয়র জিকে গউছ বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এখনো হাসিনার দোসররা বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। হাসিনার আমলে বাংলাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে আদালতের ফরমায়েসি রায়ে মাসের পর মাস জেল কেটেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি গতকাল বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত শেখ হাসিনার জুলুম নির্যাতনের স্মৃতিচারণ উপলক্ষে চুনারুঘাট উপজেলা বিএনপির জনসভায় এসব কথা বলেন। চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী সাবেক মেয়র আলহাজ জি কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, পৌর বিএনপির সভাপতি আলহাজ হোসাইন আলী রাজন প্রমুখ।