নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ি ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন গয়লার ঘোপ গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রথমে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামে একটি মাদরাসার পাশে মনোমহন বিড়ি ফ্যাক্টরি স্থাপনের চেষ্টা করা হয়। জানতে পেরে সেখান থেকে প্রশাসন তা সরিয়ে দেয়। পরে আবারো ওই ফ্যাক্টরিটি একই গ্রামের একটি মসজিদের পাশে স্থাপন করা হচ্ছে। ওই মসজিদে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত ৮০-৯০ জন শিশু নিয়ে একটি মক্তবের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বিড়ি ফ্যাক্টরিটি স্থাপনে সাধারণ মানুষের হাঁপানি, যক্ষ্মা, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব কারণে বিড়ি ফ্যাক্টরিটি ওই স্থানে স্থাপন না করে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সুলতানুল ইসলাম, সোহেল রানা, শহিদুল ইসলাম প্রমুখ। শেষে জেলা প্রশাসক বরাবর গ্রামবাসীদের স্বাক্ষরিত এক স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের হাতে হস্তান্তর করা হয়।
তবে এ বিষয়ে মনোমহন বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তা মইনুল ইসলাম সান্টু সাংবাদিকদের বলেন, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দফতরের অনুমতি নিয়ে ফ্যাক্টরিটি স্থাপন করা হচ্ছে। একই গ্রামে আরো তিনটি বিড়ি কারখানা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই মনোমহন বিড়ি কারখানাটি স্থাপনে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



