পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতা মামলায় তাজাম্মুল হোসেন নামে এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। তাজাম্মুল হোসেন উপজেলার সালামিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট এবং পাশর্^বর্তী মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর গ্রাম থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তিনি তিন বার বরখাস্তও হয়েছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর বালিপাড়া বাজারে বিএনপির মিছিলে গুলি ও বোমা হামলা করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের লোকজন। আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান বাদি হয়ে ইন্দুরকানী থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। তাজাম্মুল হোসেন সেই মামলার এজাহারভূক্ত আসামি।
ইন্দুরকানী থানা ওসি মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত তাজাম্মুল হোসেন ইন্দুরকানী থানার নিয়মিত মামলার আসামি।