ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে বিগত তিন মাস ধরে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, আমন ধান, শাকসবজির ক্ষেত জলাবদ্ধ হয়ে রয়েছে। মানুষ মারা গেলে মাটি দেয়ার মত শুকনো জায়গা পাওয়া যাচ্ছে না, গবাদি পশু খাদ্য সঙ্কটে রোগ ব্যাধিতে মারা যাচ্ছে।
এই অবস্থা নিরসনের লক্ষ্যে সব বিলের জলাবদ্ধতা নিরসন ও দুর্গত মানুষের দূর্দশা লাঘব, নদী খাল খনন, কৃষি পূর্নবাসন, সেচ পাম্প স্থাপন ও পাম্প পরিচালনায় ফ্রি বিদ্যুতের দাবিতে জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার ডুমুরিয়া বাসস্ট্যান্ডে মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে মানববন্ধন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীনের কাছে স্মারকলিপি দেয়া হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন, কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম, থানা উত্তর শাখা আমির গাজী সাইফুল্লাহ, দক্ষিণ শাখার মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।



