এক বিদেশী নাগরিকের চার হাজার ২০০ ইউরো ও বাংলাদেশী ৯০০ টাকা চুরি যাওয়ার ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ একজন ড্রাইভার ও একটি হোটেলের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
জানা গেছে, মি. হেরি (৫২) নামে এক বিদেশী পর্যটক গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গ্রীস থেকে বাংলাদেশে আসেন। ঢাকায় মিলন নামে একজন গাইডকে সাথে নিয়ে তিনি শুক্রবার সৈয়দপুর বিমান বন্দরে নামেন। এরপর একটি প্রাইভেট কার ভাড়া করে তারা দহগ্রাম আঙ্গরপোতা ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন স্থান ঘুরে বেড়ান। রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের পাশে হোটেল রাজ-এর দ্বিতীয় তলার ২১১ নম্বর কক্ষে মি. হেরি রাত যাপন করেন। গাইড মিলন বলেন, ‘আমি তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে ছিলাম এবং আমাদের বহনকারী প্রাইভেট কারের চালক আলম ৩০৯ নম্বর কক্ষে ছিলেন। শনিবার সকালে মি. হেরী আমাকে জানান, আমার ব্যাগে রক্ষিত চার হাজার ২০০ ইউরো এবং বালাদেশী আরো ৯ হাজার টাকা চুরি হয়ে গেছে। এটা জানার পর দেখি আমার রুমের দরজা বাইরে থেকে লক করা। কক্ষ থেকে পরে বের হয়ে থানা পুলিশকে জানাই।’
হোটেল রাজ-এর স্বত্বাধিকারী সফিয়ার রহমান বলেন, আমি রংপুরে ছিলাম। ঘটনা জানতে পেরে তখনই হোটেলে চলে আসি। পুলিশ হোটেলের সিসি ফুটেজসহ সব কিছু পর্যবেক্ষণ করছে। গাইড মিলনের ধারণা, এ ঘটনায় প্রাইভেট কারের চালক আলমসহ হোটেল কর্মচারীরা জড়িত থাকতে পারে।



