মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো: মঞ্জিল মোল্লা নামে এক বিএনপি কর্মী আহত হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৪২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও দু’টি হত্যা চেষ্টাসহ পাঁচটি মামলা হলো।
মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীদেরকে। গত শুক্রবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের হয়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, আহত মঞ্জিল মোল্লা মামলাটি দায়ের করেন। মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালসহ ১৪২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের হয়। মামলার বাদি আহত মঞ্জিল মোল্লা (৫৩) শহরের উত্তর ইসলামপুর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন দিন মজুর এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।