খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া-সাজিয়াড়া গফ্ফার সড়কটি টানা বর্ষণে দুই মাসেরও বেশি সময় ধরে পানির নিচে রয়েছে। ডুমুরিয়া সদরের সাথে উত্তর ডুমুরিয়ার সেতুবন্ধন এ সড়ক। উত্তর ডুমুরিয়ার চারটি ইউনিয়নের জনগণ এই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির কার্পেটিং ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা-এর মতো সম্প্রতি টানা দুই মাস অতিবর্ষণে সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে ডুমুরিয়া সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলার উত্তরের চার ইউনিয়নের। ইজিবাইক মোটরচালিত ভ্যানসহ সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়া চালকরা ডুমুরিয়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহজাহান জমাদ্দারের শরণাপন্ন হলে তিনি ডুবে যাওয়া সড়কটি সংস্কারের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মঙ্গলবার থেকে কাজ শুরু করেন। সংস্কার কাজ উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মোশারফ হোসেন মফিজ।