সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সীমান্তের মেইন পিলারের ঘিলাতৈল টিপরাখলা সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে তিনি প্রাণ হারান। নিহত জমির আহমদ উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আবদুল মন্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ঘিলাতৈল টিপরাখলা এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছোড়া গুলিতে আহত হন জমির আহমদ। সাথে থাকা অন্যরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।