বৈষম্যবেিরাধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় নিহতদের নাম-ঠিকানা সংবলিত ‘স্মৃতিফলক’ উন্মোচন করেছে জাস্টিস ফর জুলাই বগুড়া জেলা পরিষদ। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের প্রাণকন্দ্রে সাতমাথা মুক্তমঞ্চের পাশে এই স্মৃতিফলক উন্মোচন করা হয়। স্মৃতিফলকে প্রাথমকিভাবে ১৯ জন শহীদের নাম স্থান পেয়েছে। ভবিষ্যতে যাচাই-বাছাই করে আরো নাম সংযুক্ত করা হতে পারে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত বগুড়াভিত্তিক ছাত্র-জনতার নেতৃত্বাধীন সংগঠন ‘জাস্টিস ফর জুলাই’ এ নামফলকটি উন্মোচন করে। এ তালিকায় চার শিশু-কিশোরসহ ১৯ জন শহীদের নাম রয়েছে। এদের মধ্যে বগুড়ায় মারা গেছেন অন্তত ১৬ জন। অন্য তিনজন মারা গেছেন ঢাকা ও সাভারে।
এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্র-জনতার আন্দোলনে কনিষ্ঠ শহীদ রাতুলের বাবা মো: জিয়াউর রহমান। সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শাপলা সুপার মার্কেটের আহ্বায়ক মাহফুজুল হক মোল্যা।
নামফলক উন্মোচনের সময় একটি আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্রটি প্রদর্শনের সময় স্বৈরচারী শেখ হাসিনা ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পলকের ছবি স্ক্রিনে ভেসে উঠলে দর্শকদেরকে প্রজেক্টরের স্ক্রিনেই জুতা নিক্ষেপ করতে দেখা যায়।