মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা কালীগঙ্গা নদীতীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মাতাব্বর রাজা মিয়া, মুনছের আলী বিশ্বাস, এবাদত মুন্সি, আজগর আলী, চাঁদ বিশ্বাস, লালন মিয়া, সামছু মুন্সি, আমের আলী দরজি, ধনী বিশ্বাস, আব্দুস ছাত্তার, শাহিনুর রহমান শাহিন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, পলাশ মিয়া, আব্দুল্লাহ, আলমামুন, জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অব্যাহত বালু উত্তোলনে নদীর তীরের কয়েকটি গ্রামের মানুষ ভাঙন আতঙ্কে আছেন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তরা বালু মহাল বিগত দিনের মতোই ডাকের মাধ্যমে ইজারা দেয়া হয়েছে। কোন কোন জায়গার বালু উত্তোলন করতে পারবে- তা চিহ্নিত করা আছে। এর বাইরে যদি কেউ বালু উত্তোলন করে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।