ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মৎস্য খামার থেকে রাতে জাল ফেলে ও দিনে টিকিটের মাধ্যমে বরশি দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বহুলী গ্রামের মৃত ইন্তাজ আলী মণ্ডলের ছেলে নুরুল আমীন ১০ বছরের জন্য কাঠাপ্রতি তিন হাজার টাকা চুক্তিতে বহুলী দাখিল মাদরাসার পেছনে অবস্থিত চিতুলিয়া বিলটি লিজ নিয়ে দেশীয় প্রজাতির মাছের চাষ করছিলেন। প্রতিপক্ষ আব্দুল আউয়াল সরকার ও তার ভাই আব্দুল মান্নান গত পাঁচ মাস আগে ওই বিলে জমি আছে বলে খামারিকে বিলটি ছেড়ে দেয়ার জন্য বলেন এবং প্রায়ই বিল থেকে রাতের আঁধারে জাল দিয়ে ও টিকিটের মাধ্যমে বরশি দিয়ে মাছ মারতে শুরু করেন। ইতোমধ্যে খামার থেকে অধিকাংশ মাছই মেরে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আউয়াল সরকার জানান, এক বছর আগে নুরুল আমিন তার কাছ থেকে লক্ষাধিক টাকার পোনা কিনেছিলেন। কিন্তু ওই পোনা বিক্রির টাকা না দেয়ায় তিনি ওই খামার থেকে মাছ মারছেন। তা ছাড়া ওই বিলে তার কিছু জমিও রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার এসআই ফজিকুল ইসলাম জানান, খামার থেকে মাছ মেরে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।