শিক্ষার্থীর ওপর হামলার প্রায় ১৬ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিগত ২৬ অক্টোবর সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি একজন ছেলে ও মেয়ে শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় তিনি তাদেরকে খোলা জায়গায় এমন কিছু করতে নিষেধ করেন। এরই মধ্যে কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে একই দিনে রাত সাড়ে ১২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর রুমে ঢুকে তার ওপর হামলা চালানো হয়।



