খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের সাথেগোলাগুলিতে ইউপিডিএফ নেতা মিটন চাকমা নিহত হয়েছে। তিনি পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। গতকাল দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।
জানা যায়, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু গ্রুপ) কে দায়ী করে ইউপিডিএফ।
বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত গ্রুপ) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দীন বলেন, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শুনেছি। কিন্তু হতাহতের খবর পাইনি। গত ৩০ অক্টোবর খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন কর্মী নিহত হয়।



