মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন নারী ও শিশুসহ সাতজন। ভারত থেকে সাত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় গত শনিবার রাত ১টায় গুলিবিদ্ধের ঘটনাটি ঘটলেও রোববার রাতে ঘটনাটি জানাজানি হয়।
আহত নারী ও শিশু রোববার বিকেলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে গুলিবিদ্ধ দু’জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে মৌলভীবাজার পুলিশ সুপার নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধরা হলেন দিলারা বেগম (২৮) ও সোহানা (৮)। আহতরা হলেন- নাজিমুদ্দিন (৩৫), নুর সাহিদ (৮), নূর সাহারা (৭), মোহাম্মুনুর আক্তার (৫) ও সাইফান নুর (২)।



