লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার ধানকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে আলাউদ্দিন নগর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মকবুল, ওহাব, আজিজার রহমান ও মোবারক হোসেন। তাদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে বলে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান।
নিহতদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামে। তিনি আরো জানান, শ্রমিকেরা ধানকাটা শেষে রেললাইনের পাশে বসে মজুরির টাকা ভাগাভাগি করছিলেন এ সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ৭১৪ ডাউন ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রেলের ওপর দিয়ে একটি ধান মাড়াই করা গাড়ি পার হচ্ছিল। ওই মাড়াই কলের মেশিনের শব্দে ট্রেন আসার শব্দ না পাওয়ায় তাদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।