ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক এমপি আব্দুস ছাত্তারসহ ৬৫জনকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হয়েছে। ইমাম উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা ওই অভিযোগটি দায়ের করেছেন। তালিকার ১নম্বরে রয়েছে আওয়ামী লীগ থেকে মনোনীত ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি আব্দুস ছাত্তারেরর নাম।
অভিযোগকারী মুক্তিযুদ্ধা ইমাম উদ্দিন জানান এ উপজেলায় সাবেক এমপি আব্দুস ছাত্তারসহ প্রায় ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তারা রাষ্ট্রের সাথে প্রতারনা করে ভুয়া কাগজপত্র দিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামুকার মাধ্যমে গেজেটভুক্ত হয়ে ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। এতে সাধারণ মানুষদের কাছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় তহবিল হতে টাকা অপচয় হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালে যাচাই-বাছাইয়ে তারা কেউ “খ” তালিকা ভুক্ত আবার কেউ “গ” তালিকা ভুক্ত। তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দেয়া সত্বেও জামুকা ও মন্ত্রণালয়ের অসাধু কর্মচারীদের সহযোগিতায় পার পেয়ে যান তারা।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত একটি চিঠিতে অভিযোগের বিষয়টি সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং তদন্ত করে তদন্ত প্রতিবেদন আগামী ১৫ কর্মদিবসের মধ্যে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে যাচাই বাছাইয়ের দায়িত্ব দেন। তিনি সোমবার অভিযুক্তদের বক্তব্য গ্রহণ করেন। বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, যাচাই-বাচাইয়ের কাজ চলছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, ৬৫ জনের একটি তালিকা তিনি পেয়েছেন। তালিকাটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এতে কেউ ভুয়া হিসেবে চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ
করা হবে।