গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর মাহিম বাবু (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ৪টার দিকে বাড়ির পাশে নলেয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে মাহিম বাবু গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। একপর্যায়ে রোববার বিকেলে বাড়ির পাশে নলেয়া নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজন গিয়ে তার লাশ শনাক্ত করে। এ সময় খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘পানিতে পড়ে শিশু মাহিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।’