চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি বছরের ভয়াবহ বন্যায় ৩৫ হাজার ৩০০ জন কৃষক ক্ষতিগ্রস্থ হলেও সরকারি প্রণোদনা পাচ্ছেন মাত্র ১৩ হাজার ৬১০ জন। এই ১৩ হাজার ৬১০ জন কৃষকের মধ্যে প্রণোদনা দেয়া হচ্ছে দুই কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৪৮৫ টাকা।
মিরসরাই উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্টে সৃষ্ট ভয়াবহ বন্যায় উপজেলার আটটি ইউনিয়নের ৩৫ হাজার ৩০০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আউশ ক্ষতিগ্রস্ত হয়েছে আট হাজার ৪৫০ জন কৃষকের। ১২ হাজার ৮০০ কৃষকের ক্ষতি হয়েছে আমন বীজতলা। রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ হাজার ১০০ জন কৃষকের। এ ছাড়া ৯৫০ জন কৃষকের শরৎকালীন সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি খাতে ৪১ হাজার ৩৫২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ১২২ কোটি ২১ লাখ টাকা। কিন্তু সরকার থেকে দেয়া প্রণোদনা পাচ্ছেন মাত্র ১৩ হাজার ৬১০ জন কৃষক।
এদিকে অপ্রতুল বরাদ্দে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার মতো নয়। তবুও সরকারি প্রণোদনা পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।

হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের পান চাষি নারায়ণ আইচ বলেন, বন্যায় আমার ১০ শতকের পান নষ্ট হয়ে গেছে। পাহাড়ি ঢলে বরজ ভেঙে নিয়ে গেছে। কিন্তু এখনো সরকারি কোনো সহযোগিতা পাইনি। আমি ঋণ নিয়ে বরজ মেরামত করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, চলতি বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ হাজার ৩০০ জন কৃষকের তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তবে এসব কৃষকের মধ্যে অনেকে বিভিন্ন স্থান থেকে বীজ সংগ্রহ করে কিছুটা ক্ষতি পুষিয়েছেন। আমরা নিয়মিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ হাজার ৬১০ জন কৃষকের জন্য দুই কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৪৮৫ টাকা প্রণোদনা বরাদ্দ পেয়েছি। ইতোমধ্যে প্রণোদনাগুলো বিতরণ শুরু হয়েছে।