টেকনাফের হোয়াইক্যংয়ে মাদক পাচার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টায় নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দু ছালামের ছেলে।
নয়াপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস বলেন, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এতে আব্দুর রহমান নিহত হয়েছেন। পরে নিহতের স্বজনরা অপরপক্ষের ঘরে আগুন দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হোয়াইক্যং নয়া পাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।



