সাফজয়ী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনের গুইমারা রিজিয়ন।
বুধবার (২০ নভেম্বর) ঢাকা থেকে মনিকা বাড়িতে এলে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন গুইমারা রিজিয়নের পক্ষে লক্ষ্মীছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম। এছাড়াও মনিকা চাকমার বাবা বিন্দু চাকমা, দুলাভাই ও চাচাকে কিছু সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। এ সময় লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মনিকা চাকমা লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ সংবর্ধনা নারী ফুটবলের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অবিচল সমর্থনের বহিঃপ্রকাশ।’
অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার বলেন, ‘মনিকা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন। তিনি এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।’
তিনি জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখবে।’



