হাসিনা তোমার আসতে হবে না, আমরা তোমাকে নিয়ে আসবো। প্রতিটি রক্তের ফোটার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার।
শুক্রবার (২২ নভেম্বর) বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা নুর হোসাইন।
সমাবেশে বিশেষ অথিতি ছিলেন নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা মজলিশে শূরার ও কর্মপরিষদ সদস্য নোয়াখালী শহর আমির মুহাম্মদ ইউসুফ, গাজীপুর মহানগর আমির নেয়ামতুল উল্যাহ শাকের, শহর সেক্রেটারি মো: মায়াজ প্রমুখ।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মামুন উদ্দিনের বাবা আবদুল মতিন সমাবেশের উদ্বোধন করেন। এ সময় আন্দোলনে শহীদ পরিবারকে বিনোদপুর ইউনিয়ন জামায়াতের পক্ষে থেকে ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়।



