পরীক্ষায় অসদুপায় অবলম্বন করাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিশ্ববিদ্যালয়টির উপাদানকল্প ও অধিভুক্ত কলেজগুলোর ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় শাস্তির এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। শাস্তি হিসেবে বিষয়ভেদে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ নেয়া থেকে বিরত রাখা হয়েছে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪৮ জন, উপাদানকল্প কলেজের দু’জন ও অধিভুক্ত কলেজগুলোর ৪৯ জন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বহিষ্কৃত ১৮ শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা কলেজের তিনজন, ইডেন মহিলা কলেজের তিনজন, সরকারি তিতুমীর কলেজের একজন, সরকারি বাঙলা কলেজের চারজন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দু’জন ও কবি নজরুল সরকারি কলেজের দু’জন ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের তিনজন শিক্ষার্থী রয়েছেন।



