বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার উদ্দেশ্য ছিল কারাগারে রেখে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা। কিন্তু মহান আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার কারণে তিনি আজও বেঁচে আছেন।
তিনি বলেন, ফ্যাসিষ্ট হাসিনা বিচার বিভাগসহ দেশ ধ্বংস করে জনরোষে পালিয়ে ভারতে অবস্থান করে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই তাদের সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার ভালো কাজ করছে। তাদের সংস্কারের সময় দেয়া হবে। কিন্তু সংস্কারের শেষ নেই। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচনে মতিয়ার রহমান হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক পরিষদের প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফোরামের বগুড়া ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান, সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি আতাউর রহমান খান মুক্তা, জিপি শফিকুল ইসলাম টুকু, পিপি আব্দুল বাছেদ, সাবেক পিপি এ কে এম সাইফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর, গণফোরাম নেতা ফজলুল বারী ইন্টু, এলডিপি নেতা মোখলেছুর রহমান, স্পেশাল পিপি আলী আজগার ও মোজাম্মেল হক , বগুড়া ইউনিটের সদস্য সচিব সোলায়মান আলী, সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম (১), আইনজীবী ফোরামের সাবেক সভাপতি শেখ মকলেছুর রহমান। আগামী ২৯ নভেম্বর বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি সমর্থিত মুক্তা-রফিক পরিষদ, জামায়াত সমর্থিত রিয়াজ-মল্লিক পরিষদ ও বামজোট সমর্থিত পল্টু-ববি পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।