ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া এলাকা ও মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রামিম হোসেনের (৮) নামে একটি মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। গত ২ মাস ধরে মামলা নিয়ে আদালতের বারান্দায় সময় কাটছে শিশুটি। শিশুটির বয়স ২০ বছর দেখিয়ে তাকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলাটি করেছেন একই এলাকার ঢাকা জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন হানিফ। তিনি সাবেক ছাত্রলীগ নেতা।
জানা যায়, ১৯৯১ সালে মইতপাড়া বাজারে একটি জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে সেই জমিটি দখলে নেয় হানিফের লোকজন। পরবর্তীতে আদালতে একটি মামলা করেন শিশু রামিমের দাদা নুরুল ইসলাম। মামলাটি এখনো চলমান।
এ দিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ছাত্রলীগ নেতা হানিফের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরদিন ৬ আগস্ট আদালতে মামলা দায়ের করেন হানিফ। মামলায় ৮ বছরের শিশু রামিম ও এক নারীসহ ছয়জনকে আসামি করা হয়।
শিশু রামিমের নামে মামলার বিষয়ে জানতে চাইলে বাদি সারোয়ার হোসেন হানিফ জানান, অফিস ও জমি দখল করতে আসায় এই মামলা দেয়া হয়েছে।



