জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, সময় এসেছে দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব তৈরি করে, যে শিক্ষা গ্রহণের পর দেশের সন্তানরা বাইরে গিয়ে ন্যূনতম আয় করে, সে শিক্ষার প্রয়োজন নেই। শিক্ষা হবে সময়োপযোগী, আধুনিক।
তিনি কুমিল্লার ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গত শনিবার এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শহীদের রক্ত বৃথা যাবে না। তাদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন কারিকুলাম তৈরি করেছে। আর সেই কারিকুলামের আলোকে পরিবর্তন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে। এ ছাড়াও মূল শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা এখন থেকে বাধ্যতামূলকভাবে অধ্যয়ন করবে তাদের পছন্দের কারিগরি বা অন্য কোনো বিকল্প শিক্ষা। এতে করে শিক্ষা লাভের পর দেশে-বিদেশে সে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। নির্ভরতা কমবে চাকরির ওপর।
ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম। গেস্ট অব অর্নার ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। নবীনবরণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মো: আবদুর রহমান।



