বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা বিএনপি যতবার প্রয়োজন ততবার লড়াই করবো, গণতন্ত্র ফেরত আনবো।’ তিনি গত মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অষ্টম দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ইরাকে ও মিশরে সমসাময়িক কয়েকটি বিপ্লব দেখেছি। যেখানে গণ-অভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ থেকে যায়। আমরা বিএনপি এই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং থাকবো।
তিনি শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করেন। এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ বিভাগের আট জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।