জুলাই আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত মেধাবী ছাত্র রাজু তালুকদার উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের ভুইলা যাইয়েন না। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ঘটনায় কোটালীপাড়ায় নিহত মেধাবী ছাত্র রথিন বিশ্বাস, আহত ছাত্র রাজু তালুকদার ও হামিম বিশ্বাসসহ সব নিহত ও আহত ছাত্র-জনতাদের উদ্দেশে স্মরণসভায় এ কথা বলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে কোটালীপাড়া উপজেলার লাল শাপলা হলরুমে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মৃদুল কুমার দাস, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিউল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, নিহত ও আহত ছাত্রদের পরিবারের সদস্যরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণসভায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের নেতৃত্বে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের উদ্দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।