দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এ সংস্কার অনির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারে না। অতীতে দেখা গেছে, সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার এদেশে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তারা অন্যায়, জুলুম, খুন, গুম, আয়নাঘরে নিয়ে অত্যাচার, চুরি-ডাকাতি করেছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এমন অপরাধের বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসনের সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে। দিনের নির্বাচন রাতে করেছে। ভোট ছাড়াই ১৫৩ আসন ঘোষণা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে।’
তিনি আরো বলেন, ‘পচা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে। তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই। অপরাধীদের চাকরীচ্যুত করে যারা নিরপরাধ তাদেরকে বেছে নিয়ে আসতে হবে। প্রয়োজনে চাকরিতে নতুন লোক নিতে হবে। অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না।’
পৌর জামায়াতের আমির এ কে এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা আবুল হাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম, চান্দিনা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি জিসান আহমেদ প্রধান।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম হোসেন, জেলা জামায়াতের শূরা সদস্য নুরুল হুদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চান্দিনা উপজেলা সভাপতি এ কে এম শামসুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, চান্দিনা উপজেলা জামায়াত সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াত সহকারী সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, মো: তাজুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইলিয়াস সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, আশিকুর রহমান আসিফ।



