ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্বপাশের সার্ভিস লেন থেকে সাহেদা আক্তার (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের ঘাড়, বুক ও কোমড়ে পাঁচ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে।
জানাগেছে, শনিবার ভোরে রাস্তায় রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাল রঙের ওভারকোট পরিহিত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করে। ওই নারীর কাছে থাকা একটি আইফোনের সিমকার্ডের সহায়তায় পুলিশ প্রাথমিকভাবে তার পরিবারকে চিহ্নিত করে। পরে বিকেল ৫টার দিকে শনাক্ত হয় ওই নারীর নাম ও পরিচয়। তিনি ময়মনসিংহ কোতয়ালী থানার বেগুনবাড়ি ববিয়ান এলাকার মৃত মোতালেব মিয়ার মেয়ে। বেশ কয়েক বছর ধরে তিনি তার মা জরিনা বেগমের সাথে ঢাকার ওয়ারী এলাকায় থাকতেন। খবর পেয়ে মা জরিনা বেগম ও ছোট ভাই জসিম শ্রীনগর থানায় এসে সাহেদার লাশ শনাক্ত করেন।



